
ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর গাঙ্গীনাপাড় ট্রাফিক মোড় ও জিলা স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মেহেদী হাসান নূর (২৩), পাপ্পু (২২), এছাক (১৯), সোহেল (২৪), কমল সরকার (৩২) এবং সুলতান মিয়া (৩০)।
পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী হাসান নূরের বিরুদ্ধে একটি, পাপ্পুর বিরুদ্ধে একটি এবং সুলতান মিয়ার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পৃথক পৃথক অভিযানে মোট ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাই ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। তবে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।
শফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধিঃ 





















