
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। একই সঙ্গে কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন দুটিতে সহকারী সচিব সুলতান আহমেদের স্বাক্ষর রয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারার আলোকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে উপ-উপাচার্য এবং সংশোধিত বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে আইন ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী বলেন, এই দায়িত্বকে তিনি আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করবেন এবং দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, এই দায়িত্ব পাওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও ধন্যবাদ জানান।
তিনি বলেন, উপ-উপাচার্যের প্রধান দায়িত্ব হলো উপাচার্যকে প্রশাসনিক ও একাডেমিক কাজে সহায়তা করা। শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
এ ছাড়া তিনি উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। ইসলামি মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও নৈতিক গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।
ইবি প্রতিনিধি: 






















