
ময়মনসিংহ নগরীতে ছিনতাই প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানার পুলিশের যৌথ অভিযানে একটি সক্রিয় চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ, গাঙ্গিনাপাড় ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হক এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলামের নির্দেশনায় যৌথ অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পারভেজ ওরফে পাপ্পু আহম্মেদ (২৫), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. আহাদ (২০), মো. সাগর ওরফে হৃদয় হোসেন সাগর (২৩), মো. বাপ্পি (৪৯), আমিরুল (৩৫), মনিরুজ্জামান ওরফে মনির (৩৮) এবং রিপন চন্দ্র দে (৩৪)। তারা সবাই ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং মাদকসংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন মামলার তথ্য রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের তথ্যানুযায়ী, গত তিন দিনে ডিবি ও থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মোট ২৪ জনকে ছিনতাই-সংক্রান্ত অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নগরীতে ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তাদের আশা, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধি: 





















