
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৃথক তিনটি স্থানে হেরোইন, গাঁজা, চোলাই মদ ও মদ তৈরির ওয়াশসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ২টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মেরাজুল ইসলাম ওরফে কালু (২৯)-কে আটক করা হয় এবং তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক এলাকায় আরও একটি অভিযান পরিচালিত হয়, যেখানে মোছা. পিয়ারা বেগম (৪০)-কে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনাতেও উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার পীরপুর (জামডাঙ্গা) এলাকায় পরিচালিত পৃথক আরেকটি অভিযানে পরেশ মুর্মু (৩৬)-কে আটক করা হয়, এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 






















