
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৬ ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দুই প্রবাসীর পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রত্যেক পরিবারের জন্য আরও তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাদ আছর গ্রামের একটি মসজিদে দুই প্রবাসীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম ও খালিদ আহমদসহ চার বাংলাদেশি নিহত হন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক মাস পর বৃহস্পতিবার সিলেটের এই দুই প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছাল।
অধিকার ডেস্কঃ 























