
প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের বিধান অপরিবর্তিত রেখেই নতুন ব্যবস্থা যুক্ত করা হয়েছে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এ। নতুন বিধানের আওতায় নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার অধীনে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের ক্ষেত্রে দাতার ভোগদখলের অধিকার সংরক্ষণের পৃথক ব্যবস্থা যুক্ত হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের নতুন ব্যবস্থা যুক্ত হলেও প্রচলিত হেবা বা হস্তান্তর পদ্ধতি বহাল থাকবে। ফলে বিদ্যমান বিধানের পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে নতুন ব্যবস্থায় সম্পত্তি হস্তান্তরের সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়।
অধিকার ডেস্কঃ 

























