
ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।
ভোগান্তিতে পড়া যাত্রীদের একজন টাঙ্গাইলের দেলদুয়ারের বাসিন্দা বাবলু ভূঁইয়া। সৌদি আরবের দাম্মামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাত বছর ধরে কাজ করছেন তিনি। ১৪৫ দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল। নির্ধারিত ফ্লাইট ধরতে গ্রামের বাড়ি থেকে ঢাকার বিমানবন্দরে এসেও শেষ পর্যন্ত যাত্রা করতে পারেননি।
বাবলুর সকাল ১১টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৪১ ফ্লাইটে দোহা হয়ে দাম্মাম যাওয়ার কথা ছিল। উড়োজাহাজ ছাড়ার প্রায় তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট বাতিলের খবর পান তিনি।
এরপর বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ২ নম্বর গেটের ড্রাইভওয়ে এলাকায় বসে দুশ্চিন্তায় সময় কাটান এই প্রবাসী।
বাবলু জানান, গত ২ সেপ্টেম্বর ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পর এয়ারলাইনসের কর্মীরা তাঁকে ফ্লাইট বাতিলের কথা জানান। পাশাপাশি ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলেন। এখন ফ্লাইট বাতিলের বিষয়টি কর্মস্থলের কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছেন তিনি।
ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর সঙ্গে বিমানবন্দরে আসা ছেলে রায়হানও ভোগান্তিতে পড়েছে বলে জানান বাবলু।
বিমানবন্দরে যাত্রী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবলুর মতো সৌদিগামী অনেক যাত্রীই নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারার আশঙ্কায় রয়েছেন। যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত সৌদিগামীসহ বিভিন্ন এয়ারলাইনসের আরও তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টিতে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের রিয়াদসহ কয়েকটি স্থানে হুতিদের বোমা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। তবে এ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ওমরাহযাত্রীদের যাত্রা চলছে।
বিমানবন্দরে কয়েকজন ওমরাহযাত্রী জানান, তাঁরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। আল্লাহ তাঁদের নিরাপদ রাখবেন—এমন বিশ্বাস নিয়েই যাত্রা করছেন তাঁরা।
ফ্লাইট বাতিলের কারণে কর্মস্থলে ফেরার অনিশ্চয়তা, ভিসার সময়সীমা এবং নতুন করে যাত্রার ব্যবস্থা করা নিয়ে প্রবাসী যাত্রীদের উদ্বেগ বাড়ছে।
অধিকার ডেস্কঃ 























