
মাদকের বিস্তার ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।
শুক্রবার চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী স্থানীয় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
মন্ত্রী বলেন, মাদক কিংবা অন্য কোনো অপকর্মের মাধ্যমে যারা সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বক্তব্যে তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু সুন্দর কথা বললেই বিরোধী দলের দায়িত্ব পালন হয় না; মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হয়। তাঁর ভাষ্য, সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, অথচ বিরোধী দল সহযোগিতার বদলে অসহযোগিতার পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, ১৭ বছরে দেশের অনেক ক্ষতি হয়েছে, আর নতুন করে কিছু হারাতে চান না। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে পাওয়া এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
মেহেরাব ইমরান আকিব, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 






















