
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনে কার্যকর পরিকল্পনা উপস্থাপনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা বিরোধী দলের কাছে থাকলে তা সরকারের কাছে উপস্থাপন করতে পারে এবং সেটি কার্যকর মনে হলে সরকার তা গ্রহণ করবে।
শনিবার রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনাদের যদি এমন কোনো পরিকল্পনা থাকে, যা দিয়ে আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব, তাহলে তা আমাদের দিন। আমরা অবশ্যই সেটি গ্রহণ করব। আমি আপনাদের প্রতি এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।”
তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে বিরোধী দলের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল, যার ফলে মানুষ চিকিৎসাসেবার জন্য নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে এবং বিরোধী দলের কাছে ভালো কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আপনাদের যদি ভালো কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা উপস্থাপন করুন। আমরা তা বাস্তবায়ন করব।”
দৈনিক অধিকার ডেস্কঃ 
























