
রাঙামাটিতে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতি ও কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষিতে জেলার পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার সকাল থেকেই রাঙামাটি মহসিন পেট্রোল পাম্পে তেল সংগ্রহের জন্য শত শত ক্রেতার ভিড় দেখা যায়। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হলে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনেন।
এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আবু হুরাইরা আদর জানান, জেলা প্রশাসক নাজমা আশরাফীর নির্দেশনায় জেলার প্রতিটি পেট্রোল পাম্পে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যাতে তেল মজুদ বা কালোবাজারি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 



















