
ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. উজ্জল মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সদর কোম্পানি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র-মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি প্রতিষ্ঠাকাল থেকেই নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাম্প্রতিক এই অভিযান পরিচালিত হয়।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১৪, সদর কোম্পানির একটি অভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ঢাকা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা উজ্জল মিয়াকে আটক করে।
র্যাবের বিবরণ অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে দেশের একাধিক থানায় পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ময়মনসিংহ ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 






















