
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক হাজার ব্যক্তি অবৈধ মাদক কারবার পরিচালনা করে কোটিপতিতে পরিণত হয়েছে। এসব কারবারিদের অবিলম্বে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশনা দেন তিনি।
শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহীতে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সবসময়ই উন্নয়ন ও অর্জনে অগ্রগামী ছিল। কিন্তু গত দুই দশকে অপশাসন ও অনিয়মের কারণে সেই অর্জন ম্লান হয়ে পড়েছে। তিনি অতীতের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে কাজ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সেমিনারে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং দ্রুততার সঙ্গে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দেন।
সৈয়দ মাসুদ, রাজশাহী 


















