
ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসা কেন্দ্রে ঢুকে এক ভেটেরিনারি চিকিৎসককে মারধর, ভাঙচুর এবং টাকা লুটের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চিকিৎসকের অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ার জেরেই তাঁর ওপর এই হামলা চালানো হয়।
এই ঘটনার প্রতিবাদে আগামী ২৩ ও ২৪ আগস্ট ময়মনসিংহের সব পেট ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্মল অ্যানিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA)। এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ওই দুই দিন বন্ধ থাকবে Mymensingh Pet Clinic and Research Center-ও।
ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরের জিলা স্কুল-সংলগ্ন একটি গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামের চেম্বারে বিড়ালসহ বিভিন্ন পোষা প্রাণীর চিকিৎসাসেবা দেন এবং প্রাণী পরিচর্যার সামগ্রীও বিক্রি করেন।
ঘটনার প্রায় দুই মিনিটের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজ অনুযায়ী, প্রথমে এক নারী চেম্বারে প্রবেশ করে চিকিৎসক আশিকুর রহমানের ওপর হামলা চালান। তখন পাশে থাকা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান মোবাইল ফোনে পুরো ঘটনা রেকর্ড করছিলেন, তবে অভিযোগ রয়েছে যে একপর্যায়ে তিনিও চিকিৎসকের গায়ে হাত তোলেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসক আশিকুর রহমান। অভিযোগপত্রে তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে আশিকুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা চেম্বারে প্রবেশ করে টাকার জন্য চাপ প্রয়োগ করেন। প্রতিবাদ করায় প্রথমে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এরপর লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে জানানো হয়েছে।
চিকিৎসককে বাঁচাতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তাঁর স্ত্রী তাওহিয়া আক্তার ও চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীর ওপরও চড়াও হয় হামলাকারীরা, তাঁদেরও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ।
আশিকুর রহমানের দাবি অনুযায়ী, হামলার সময় চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এছাড়া চেম্বারের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের ফলে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তিনি জানান।
চিকিৎসকের ভাষ্যমতে, চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক ব্যক্তিগত বিরোধ এবং প্রায় এক বছর আগের একটি ঘটনাও এই হামলার নেপথ্যে থাকতে পারে। তাঁর দাবি, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবের ঘটনায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।
অন্যদিকে ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নান নামের দুই ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে BASAVA। সংগঠনটির জরুরি সভায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৩ ও ২৪ আগস্ট ময়মনসিংহের সব পেট ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভেটেরিনারি চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে BASAVA।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধি: 





















