
রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক-কে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রায়ের প্রতিক্রিয়ায় বিদিশা সিদ্দিক জানান, তিনি এ বিষয়ে অবগত নন এবং মামলার বিষয়ে তার কোনো ধারণা নেই।
মামলার নথি সূত্রে জানা যায়, বাদী মোশাররফ হোসেন রাজধানীর মিরপুর এলাকায় স্যানিটারি পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশা সিদ্দিকের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে রাজধানীর প্রেসিডেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে উভয়ের মধ্যে ৮০ লাখ টাকায় চুক্তি সম্পন্ন হয়।
অভিযোগে বলা হয়, ওই বছরের ১০ জুলাই বিদিশা সিদ্দিক বনানীর একটি অফিসে বাদীকে ডেকে তার মনোনীত ব্যক্তি আব্দুর রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার গ্রহণ করেন। পরবর্তীতে বায়নানামাও সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, পরবর্তীতে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি। এমনকি পাওনা দাবি করলে বাদীকে ভয়ভীতি ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 























