
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার ‘আয়েশা টাওয়ার’ ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর একটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করা হয়েছে। তবে শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং কক্ষে কোনো নোটও পাওয়া যায়নি।বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভূঁইয়া জানান, মাহফুজুর অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার কোনো ব্যক্তিগত সংকটের বিষয়ে সহপাঠীরা আগে থেকে অবগত ছিলেন না।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 






















