
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে আগামী বুধবার (২৯ জুলাই) সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে এনসিপি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে বক্তব্য দিতে গিয়ে এনসিপির নেতারা হামলার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে যুবদলের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে মঙ্গলবার রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জে দলটির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
অধিকার ডেস্ক: 
























