
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোরে সংঘটিত এ দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, বরিশালগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৫৯২১) কটকস্থল এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১১-০৬৭১) সজোরে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহনের দুই আরোহী আহত হন।
আহতরা হলেন— ফরিদপুর জেলার বাসিন্দা রমজান শেখ এবং পটুয়াখালী জেলার বাসিন্দা মো. মেহেদী হাসান। চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।
এদিকে দুর্ঘটনার পর দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করায় গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আহতরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ায় সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী।
সৈয়দ নূর আহসান, বরিশাল 

















