
ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ-২ গত ৫ জুন ২০২৬ তারিখে পরিণত হয় মানবাধিকার সচেতনতার এক প্রাণবন্ত মিলনমেলায়। বিন, বিহারী ও হরিজন কমিউনিটির একঝাঁক কিশোর-কিশোরী নাট্য পরিবেশনার মাধ্যমে বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে শক্তিশালী বার্তা তুলে ধরে।
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) পরিচালিত EREDMCM প্রকল্পের উদ্যোগে এবং CSI Luxembourg-এর অর্থায়নে আয়োজিত মানবাধিকার বিষয়ক এই সচেতনতামূলক সৃজনশীল অনুষ্ঠানটি দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে পার্কে ঘুরতে আসা শত শত দর্শকের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন EREDMCM প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাজন বিন আলী ইউসুফ, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অনন্যা চিসিম এবং হিউম্যান রাইটস অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মো. আবু ইউসুফ।
এছাড়া আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল কাশেম এবং অ্যাডভোকেট জাকিয়া শম্পা। অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন চারুশিল্প একাডেমির পরিচালক মো. রাজন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কিশোর-কিশোরীদের পরিবেশিত সচেতনতামূলক নাটিকা, যেখানে বাল্যবিয়ের কুফল, নারী নির্যাতনের ভয়াবহতা এবং মানবাধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। নাটকের পাশাপাশি গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে তিন কমিউনিটির অভিভাবকদের পাশাপাশি পার্কে বেড়াতে আসা অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
উপস্থিত দর্শকদের মতে, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়। নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
শফিয়েল আলম সুমন, মযমনসিংহ প্রতিনিধিঃ 

















