
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি শিক্ষা কর্মসূচি’ শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা সম্পন্ন হয়েছে। ‘ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস’ (এফএনএফ) সংগঠনের আয়োজনে শনিবার (২০ জুন) বিকাল ৩টায় স্কুলের মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) নাজিফা তাবাসসুম, গবেষণা সমন্বয়ক ইস্তিয়াক বিন ইসলাম এবং পুষ্টি শিক্ষাবিদ মাকসুদা ইসলাম তেশা। এ ছাড়া ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক ড. মশিউর রহমানসহ শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক ড. মশিউর রহমান বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন গড়ে তুলতে সচেতন খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার করে সবাইকে স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে হবে।
গবেষণা সমন্বয়ক ইস্তিয়াক বিন ইসলাম বলেন, বর্তমান সময়ে শিশু ও কিশোরদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য নির্বাচন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি জানান, পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেক শিক্ষার্থী নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইবি-প্রতিনিধি(কুষ্টিয়া) 
























