
বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকসেবন করে এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে আসছিলেন ওই ব্যক্তি।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার চাদশী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় নারী-পুরুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল, স্ত্রী না থাকার অজুহাতে অভিযুক্ত ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন এবং বিভিন্ন সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও বিরক্তির সৃষ্টি করতেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা ও পারিবারিক কলহ বাড়ছিল। প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও মাদক-সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে সচেতন মহল বলছে, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই।
বরিশাল প্রতিনিধিঃ 


















