
দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা বহাল থাকবে। অন্যদিকে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এ মূল্য সমন্বয় করা হয়েছে। সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
নতুন নির্ধারিত দাম ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ৩০ এপ্রিল দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। নতুন দামে পরিবহন ব্যয় ও বিভিন্ন খাতে এর প্রভাব নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 





















